ফেনী
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিশু শিক্ষায় সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজীতে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (কামরুজ্জামান-জয়) সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (বিকেএ) শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব জয়নুল আবেদীন জয়, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম রুনু, সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর এবং সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও তিনবারের সাবেক সভাপতি রহিম উল্যাহ চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।




