সম্পাদকীয়

নিরাপত্তার সংকটে ভুগছে ফেনীর জনপদ: উত্তরণের উপায় কী?

শেয়ারঃ

নিরাপত্তার সংকটে ভুগছে ফেনীর জনপদ: উত্তরণের উপায় কী?- খবরের থাম্বনেইল ফটো

গত কয়েক সপ্তাহে ফেনীর বিভিন্ন এলাকায় গভীর রাতে মুখোশ পরে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়া, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা কিংবা ঘরের দরজা ভেঙে অপরাধ সংঘটিত করার প্রবণতা লক্ষ্য করা গেছে। এমনকি অটোরিকশা ছিনতাই ও পণ্যবাহী কাভার্ড ভ্যান চুরির মতো ঘটনাও ঘটেছে। এর জন্য সর্বশেষ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠকে প্রতিনিধিরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।


কিন্তু এতেও জেলার আইনশৃঙ্খলার কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। সার্বিকভাবে নাগরিক সমাজ বিষয়টি নিয়ে উদ্ভিগ্ন। নাগরিকদের জানমাল জীবনের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব; সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অস্ত্রের মুখে জিম্মি করা, প্রাণনাশের হুমকি দেওয়া বা শারীরিক আক্রমণ করা সরাসরি নাগরিকের জীবন ও ব্যক্তি-স্বাধীনতার নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। এটি সংবিধানের ৩২ অনুচ্ছেদের মূল চেতনার লঙ্ঘন।


৪৩(ক) নম্বর অনুচ্ছেদে আরো বলা আছে, গভীর রাতে মুখোশ পরে ঘরের দরজা বা গ্রিল ভেঙে অনধিকার প্রবেশ করা এবং আতঙ্ক সৃষ্টি করা নাগরিকের নিজ গৃহে নিরাপদ থাকার অধিকার বা ৪৩(ক) অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।


৪২ নম্বর অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা রয়েছে, স্বর্ণালংকার, নগদ টাকা লুট করা কিংবা অটোরিকশা ও পণ্যবাহী কাভার্ড ভ্যান চুরি/ছিনতাই করা নাগরিকের বৈধ সম্পত্তি ভোগদখল ও নিরাপত্তার অধিকার বা ৪২ অনুচ্ছেদের পরিপন্থী।


নাগরিকদের আইনের আশ্রয় লাভের অধিকার ৩১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা বা সম্পত্তির ক্ষতি সাধন করা হলে প্রচলিত আইন অনুযায়ী তার সুরক্ষা ও বিচার পাওয়ার অধিকার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এসব অপরাধ দমনে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে ব্যর্থ হয়, তবে তা ৩১ অনুচ্ছেদেরও লঙ্ঘন হিসেবে গণ্য হয়।


এজন্য রাষ্ট্র এবং আইন শৃঙ্খলায় নিযোজিত বাহিনী সমূহের মৌলিক দায়িত্ব হচ্ছে, বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।


পাশাপাশি নাগরিকদের করণীয় ও সচেতনতা:নিজ নিজ বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে হবে। ঘরের মূল দরজা ও জানালায় মজবুত গ্রিল এবং প্রয়োজনে সিসি ক্যামেরা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। রাতের বেলা চলাচলের সময় বা ফাঁকা রাস্তায় চলাফেরা করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি ঘোরাফেরা করলে স্থানীয়ভাবে বা পুলিশকে দ্রুত অবহিত করা দরকার।


▌সম্পর্কিত খবর