জাতীয়
এনসিপির রাজশাহী মহানগরীর মেয়র প্রার্থী মোবাশ্বের আলী

দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে আগামী নির্বাচনে লড়বেন এনসিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী রাজ।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে ও রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলীকে মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ সময় নাহিদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। নির্বাচনে প্রশাসকদের মধ্যে কেউ প্রার্থী হতে পারবে না।
তিনি আরও বলেন, কোনও দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। আগামী ছয় মাসের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করার দাবি জানান নাহিদ ইসলাম।








